নিউজ ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছুটি গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের ক্ষেত্রেও কার্যকর করার দাবি জানিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ। এ দাবিতে তারা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনের সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিটি উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে সরকার ১ ও ২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিনের ছুটি থাকলেও গণমাধ্যমের সাংবাদিক ও কর্মীরা এ সুবিধা পাচ্ছেন না। সরকারি সিদ্ধান্ত না থাকায় মালিকপক্ষ ইচ্ছামতো সীমিত ছুটি দেয় বা বিশেষ ব্যবস্থার নামে কর্মীদের দিয়ে কাজ করায়, অথচ যথাযথ পারিশ্রমিকও প্রদান করে না।
এ অবস্থায় সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য স্মারকলিপিতে দুটি দাবি জানানো হয়েছে—
দুর্গাপূজায় সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে গণমাধ্যমেও দুই দিনের ছুটি ঘোষণার প্রজ্ঞাপন প্রকাশ করা।
ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় কর্মীদের কাজে নিয়োজিত করা হলে দ্বিগুণ মজুরি নগদে প্রদানের নির্দেশ দেওয়া।
জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ মনে করে, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈষম্য দূর করতে সরকার অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে।
ঢাকানিউজ২৪/মহফ



