আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য-ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এবারও প্রতি বছরের মতো বছরের সেরা দেশ নির্বাচন করেছে। দ্য ইকোনমিস্টের ফলাফল অনুযায়ী, ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ।
দ্য ইকোনমিস্ট বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ।
এবারের সেরা দেশ বেছে নেয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড রয়েছে এই তালিকায়। শেষ পর্যন্ত বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানারআপ সিরিয়া।
গণমাধ্যমটি ২০২৪ সালের জন্য সেরা দেশের তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কি না, সেই হিসাবে নয়; সেরা দেশ বেছে নেয়া হয় আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি না, সেই বিচারে।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন।
আরও বলা হয়েছে, তিনি (শেখ হাসিনা) একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়।
‘শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে (বাংলাদেশ) একটি অস্থায়ী সরকার রয়েছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে,’ বলা হয় ইকোনমিস্টের প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটির আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেয়া হয়েছে। এর কোনোটিই সহজ হবে না।
সম্প্রতি বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া ইকোনমিস্টের এ বছরের সেরা দেশের তালিকায় রানারআপ নির্বাচিত হয়েছে। ২০২৩ সালের বিজয়ী ছিল গ্রিস।



