মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক মুফিদুল আলম বলেছেন, নিরাপদ খাদ্য আর সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিস এর ঝুঁকি থেকে আমাদের সুরক্ষা দিতে পারে। তিনি আরও বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে তাই কাল বিলম্ব না করে সময়মত চিকিৎসা নিতে সকলকে আহবান জানান।
বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ডা: মোহাম্মদ ইব্রাহীমের ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি (মডাস) আয়োজিত সেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নজীব আশরাফ এর সঞ্চালনায় ও সমিতির সভাপতি প্রফেসর ডাঃ এ.কে.এম মুসা শাহীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আরও বলেন, খাদ্যে ভেজাল, দূষিত পরিবেশ ও সর্বোপরি খাদ্যাভ্যাস পরিবর্তন এবং যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পরার কারণে আমাদের দেশে ডায়াবেটিসের হার দ্রুত বেড়ে চলেছে। এ ভয়াবহ অবস্থা থেকে পরিত্রান পেতে ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষায় আমাদের এখনই সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী। আলোচনা শেষে প্রয়াত ডাঃ মোহাম্মদ ইব্রাহীমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রবীণ শিক্ষক খন্দকার সুলতান উদ্দিন আহমেদ।
আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ হুমায়ুন কবির, ফরহাদ হাসান খান, সমিতির কোষাধ্যক্ষ আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক কাওসার জামান চৌধুরী, সদস্য খন্দকার শরীফ উদ্দিন প্রমূখ।
ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির হরিকিশোর রায় রোডস্থ কার্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে তিন শতাধিক রোগীর রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এ কে এম আব্দুল আউয়াল খান, ডাঃ কামাল উদ্দিন আহমদ, ডাঃ খুরশিদুন্নাহার বেবী, ডাঃ বিশ্বজিৎ রায় চৌধুরী এবং পুষ্টিবিদ ফৌজিয়া ঈশরাত ফ্লোরা প্রমুখ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন অফিস সহকারী মোঃ সিরাজুল ইসলামসহ মেডিকেল এসিসট্যান্টবৃন্দ।
,



