নাজমুল হোসেন : দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নোয়াখালীতে চেকপোস্ট ও নিরাপত্তা টহল জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-৩। ঢাকা–নোয়াখালী ও ফেনী–লক্ষ্মীপুর মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই এসআরবি সন্ত্রাস, চাঁদাবাজি ও জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেপ্তারে কাজ করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সংস্থাটি ভূমিকা রাখছে।
বর্তমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-১১-এর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর অংশ হিসেবে ঢাকা–নোয়াখালী ও ফেনী–লক্ষ্মীপুর মহাসড়ক এবং আশপাশের এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গভীর রাত পর্যন্ত টহল দেওয়া হচ্ছে। পাশাপাশি মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




