নিউজ ডেস্ক : বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কোম্পানিটি যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় নিয়ে ব্যবসা ও শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় তিনি এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) দেওয়া এক চিঠিতে বিষয়টি জানিয়েছে বেক্সিমকো ফার্মা।
চিঠি অনুযায়ী, সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে। প্রস্তাবিত পর্ষদে উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন এবং পদাধিকারবলে ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। এ বিষয়ে বিএসইসির ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিদেশি বিনিয়োগকারীরাও সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন।
বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে তালিকাভুক্ত। ফলে নতুন পরিচালক নিয়োগে সংশ্লিষ্ট বাজারের নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করতে হবে, যে প্রক্রিয়ায় চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। বিদেশি শেয়ারধারীদের প্রতিনিধি পর্ষদে রাখার প্রস্তাব থাকলেও তারা এতে সম্মত হননি। তাই স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।-
সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেক্সিমকো ফার্মার মুনাফা হয়েছে ২২২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা। ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে প্রায় ৩০ শতাংশ শেয়ার রয়েছে। পরিচালনায় পরিবর্তন আসতে পারে।




