নিউজ ডেস্ক: বিনিয়োগ ও ব্যবসার প্রসারে পর্যটনের ভূমিকা অপরিসীম।এর প্রেক্ষিতে দেশে নতুন নতুন পর্যটন কেন্দ্র অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ ।
নগরীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ পর্যটন বোর্ডের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন উপদেষ্টা।
সরকার নতুন পর্যটন গন্তব্যের সন্ধান এবং পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দিচ্ছে। পর্যটন মেলা পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং মানুষের কাছে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করে।
৭ নভেম্বর শুরু হওয়া ১৭ দিনব্যাপী মেলা শেষ হবে আগামীকাল। এতে মোট ২৮৪টি স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলায় দেশীয় স্টলের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান, নেপালসহ অনেক দেশ অংশ নিচ্ছে।এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ ধরনের মেলা আমাদের পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে।



