ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডপশুর গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া নিয়ে নজরদারি চলছে: র‍্যাব মহাপরিচালক

পশুর গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া নিয়ে নজরদারি চলছে: র‍্যাব মহাপরিচালক

কোরবানির পশুবাহী গাড়িকে জোর করে নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে গাবতলী বাস কাউন্টারও পরিদর্শন করেন র‍্যাব মহাপরিচালক।

আহসান হাবীব পলাশ বলেন, ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব কিংবা বিভ্রান্তিকর পোস্ট ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পশুর হাটকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। আহসান হাবীব পলাশ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট বসিয়েছে র‍্যাব। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হাটগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একইসঙ্গে পশুর হাটে কন্ট্রোলরুমও স্থাপন করা হয়েছে।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ঈদের সময় রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির অর্থ ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে র‍্যাবের নিরাপত্তাচৌকি ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

নগদ লেনদেন এড়িয়ে ক্যাশলেস পদ্ধতিতে লেনদেনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি কমাতে কন্ট্রোলরুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি কার্ড বা অন্যান্য ক্যাশলেস পদ্ধতিতে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধ ও শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular