নিউজ ডেস্ক : নবনিযুক্ত মহাপরিদর্শক (আিইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘পুলিশ পাইকারি হারে কাউকে গ্রেফতার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। যিনি নিরীহ তিনি বাদ যাবেন।’
সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সদর দফতরে তিনি এই কথা জানান।
বাহারুল আলম বলেন, ‘জুলাই-আগস্টে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন, আইনভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নেই।’
৫ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে উল্লেখ করে মহাপরিদর্শক বলেন, ‘এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে।
জনগণকে আন্তরিক সহায়তার আহ্বান জানিয়েছেন বাহারুল আলম। বলেন, ‘জনগণের সঙ্গে বিনয়ী ব্যবহার করতে হবে পুলিশকে। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।’
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদসহ পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় আছেন এখনো তা শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন মহাপরিদর্শক।
৫ আগস্টের পর কারাবন্দি জঙ্গিদের জামিন প্রসঙ্গে বাহারুল আলম বলেন, ‘আদালতের রায় চূড়ান্ত।’



