পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে গবাদী পশুর ল্যাম্পি স্কিন রোগ ব্যাপক আকার ধারন করেছে।এ রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত কৃষকদের গবাদী পশু মারা যাচ্ছে। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা ।
একাধিক সুত্র জানায়, পীরগঞ্জের একটি পৌরসভাসহ ১৫টি ইউনিয়নেই গরুর লাম্পি স্কিন ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত এ ভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে গবাদী পশু গুলো । উপজেলার বিভিন্ন এলাকার গরু মালিকদের সাথে কথা বলে জানা গেছে, এ রোগ এতোটাই ভয়াবহ যে কোনো ওষুধ কাজ করছে না। সুস্থ গরু গুলো হঠাৎ করেই এ রোগে আক্রান্ত হচ্ছে । এর ফলে গরুর সারা শরীর গুটিতে ফুলে উঠছে এবং ফুলে যাওয়া স্থানগুলো দু’এক দিনের মধ্যেই ফোস্কা পড়ছে ও ঘা হচ্ছে ।
পরবর্তিতে ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। অনেকে পল্লী চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মলম, তেল, পাউডার জাতীয় কেন্ডুলা ব্যবহার করলেও ফল পাচ্ছেন না । আক্রান্ত গরু গুলোর বেশীর ভাগই মারা যাচ্ছে । বিশেষ করে শংকর জাতের বকনা বাছুর গুলো এ রোগে বেশী আক্রান্ত হচ্ছে ।
পীরগঞ্জ পৌরসভার শামসুল ইসলামের পুত্র মশিউর রহমান জানান, এ রোগে তারা ৮০ হাজার টাকা মুল্যের বিদেশি বকনা বাছুর মারা গেছে তার। সেটির স্বাস্থ্য খুবই ভালো ছিল এবং আগামী ঈদে সেটি কমপক্ষে দেড় লাখ টাকা বিক্রি হত। এ ছাড়া জামালপুরের মোশাববর, মোমিন, বাদশা মিয়া ও শামছুল আলমের গরুও এ রোগে মারা গেছে । উপজেলার সর্বত্রই এ পরিস্থিতি বিরাজ করছে ।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা মো. ফজলুল করিম এর সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে বলেন, লাম্পি স্কিন ডিজিজ রোগটি এখন কমেছে। এ রোগের চিকিৎসা শুধু মাত্র প্যারাসিটামল জাতীয় ঔষধ। চামড়া উঠে যাওয়া ক্ষতস্থানগুলো শুকাতে একটু সময় লাগে।
এ ব্যাপারে তিনি পরামর্শ দিয়ে বলেন, কোনো গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হলে গরুটিকে মশারীর ভিতর রাখা দরকার এবং গোয়াল ঘর পরিস্কার পরিছন্নতা রাখতে হবে। এই রোগটি মশা-মাছির মাধ্যমে ছড়ায়। প্রাণিসম্পদ অফিসারের লোকজন সবসময়ই গরুর মালিকদেরকে মশারী বা গোয়াল ঘর পরিস্কার রাখার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে।



