নিজস্ব প্রতিবেদক : এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার সেক্টর-১২-এর শাহ মাখদুম এভিনিউয়ে লাভলীন কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালুর আহ্বান জানান।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য প্রতিযোগিতা করতে হয় না। আধুনিক প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ফলে তারা ঘরে বসেও কাজের সুযোগ পাচ্ছে। কিন্তু বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই তুলনায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যথাযথভাবে এগোতে পারছে না।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা ও যুগোপযোগী সুযোগের অভাবে অনেক শিক্ষার্থী অল্প বয়সেই পড়াশোনা থেকে ঝরে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পুরোনো ধাঁচের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে আধুনিক, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা চালু করা প্রয়োজন।
তিনি আরও বলেন, এককেন্দ্রিক চিন্তাভাবনার শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করবে এবং দুনিয়া ও আখিরাত—উভয় জীবনের কল্যাণ সম্পর্কে সচেতন করবে।
বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের প্রসঙ্গ তুলে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পুনর্ব্যবহার ও রিসাইক্লিংয়ের মাধ্যমে বর্জ্য থেকে মূল্যবান পণ্য তৈরি করা সম্ভব। কিন্তু কার্যকর উদ্যোগ ও সদিচ্ছার অভাবে এই সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না।
তিনি বলেন, পরিবেশবান্ধব কলম তৈরি করে দেখানো হয়েছে যে বর্জ্যকে শুধু অভিশাপ হিসেবে না দেখে সম্পদ ও সম্ভাবনা হিসেবে বিবেচনা করা যায়। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও উদ্যোগ থাকলে বর্জ্য থেকেও মূল্যবান সম্পদ তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর শাখার দায়িত্বশীল, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি এস আই সাইম। সঞ্চালনা করেন শাখাটির সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজ।




