নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা তো সমাজ এবং দেশেরই লোক।
তিনি বলেন, কীভাবে সমাজে স্থিরতা আসবে, কীভাবে আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচনের দিকে এগোবো, আমরা যদি আস্থা না আনতে পারি। আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না।এটা তো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পরে এখন তো আর আবেগতাড়িত হওয়ার কিছু নেই। পুলিশ তো মানুষের শত্রু নয়। এই জায়গাটায় দেশবাসীর কাছে অনুরোধ করি আমাদের কাজ করতে দেন।
বৃহস্পতিবার গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশ-২ ইউনিটের বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর আমাদের কী অবস্থা ছিল আপনারা জানেন। আমাদের কিছু কিছু সদস্য, মোস্টলি সিনিয়র অফিসার তাদের অতি উৎসাহ, তাদের রাজনৈতিক আনুগত্য, সরকারি কর্মচারী আমার কীসের রাজনৈতিক আনুগত্য থাকবে? আমি কোনো আওয়ামী লীগ-বিএনপি কিছুই বুঝি না। কিন্তু ওনাদের রাজনৈতিক আনুগত্যের জন্য পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে। সারা বিশ্বে এখন বলে যে, বাংলাদেশ পুলিশ তারা এত নির্মম কীভাবে হলো?
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল সিবগাতুল্লাহ। উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিজিএমইএর এর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ।



