নিউজ ডেস্ক: ‘আমরা বিশ্বাস করি, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন শুধু মেধা যাচাইয়ের একটি প্রক্রিয়া নয়; বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ধাপ।’ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী একথা বলেন।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করা হয়। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৬ অনুযায়ী এবার মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০টি। তবে ফল প্রকাশের পর দেখা যায়, বাস্তবে ৭৯ হাজার ২৪৬টি বৃত্তি প্রদান করা হয়েছে।
এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন, যার মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) ছাত্র এবং ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ) ছাত্রী।
/রাশিদুল রাশেদ/




