বরিশাল : জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৬ উপলক্ষে বরিশালে জেলেদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বরিশালের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার জেলেরা অংশ নেন। আয়োজকেরা জানান, মৎস্য সপ্তাহকে ঘিরে জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানো, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা চলাকালে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া জেলেরা বলেন, এ ধরনের আয়োজন তাঁদের মধ্যে উৎসাহ জোগায় এবং পেশাগত জীবনের বাইরে ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন। এ সময় তিনি বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উন্নয়নে জেলেদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।




