নিউজ ডেস্ক : বাংলাদেশের নারী ফুটবলের উজ্জ্বল মুখ ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে প্রয়োজনীয় আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ নারী ফুটবলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ২০২২ ও ২০২৪ সালের শিরোপা জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তার অবদানও ছিল গুরুত্বপূর্ণ। পাহাড়ি এলাকার সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি এখন দেশের হাজারো তরুণী ফুটবলারের অনুপ্রেরণা।-
সূত্র জানায়, ঋতুপর্ণা ও তাঁর পরিবারের পাশে এর আগেও সহযোগিতার হাত বাড়িয়েছিল দলীয় নেতাদের একটি প্রতিনিধিদল, যখন তাঁর ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন হয়। সেই মানবিক সম্পর্কের ধারাবাহিকতাতেই এবার ঘর নির্মাণে এ অনুদান দেওয়া হলো।




