নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। এর পরিবর্তে সাইবার সুরক্ষা আইন করা হবে।
আসিফ নজরুল বলেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। বিচারক নিয়োগ হবে আইনের আলোকে, কারও পছন্দে নয়।
‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে। আগামীকাল উপদেষ্টা পরিষদে তোলা হবে। অতিপ্রয়োজনীয় কিছু সংশোধন করে নির্বাচন দেবো,’ যোগ করেন তিনি।
গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে বলেও জানান আইন উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘ভুল করতে পারি; যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করে যাচ্ছি।’
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ওভার নাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, এটি অযৌক্তিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে, তখন কঠোর হওয়ার মতোই হবে।



