ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবিশ্ব পর্যটন দিবস পালিত

বিশ্ব পর্যটন দিবস পালিত

নিউজ ডেস্ক :   বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বান্দরবান ও দিনাজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। তবে বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে অভিযানের আগে ময়লা ফেলে পরে পরিষ্কার করা হয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি বোতল ও ময়লা ছিটিয়ে দিচ্ছেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সদস্যরা সেগুলো পরিষ্কার করছেন। বিষয়টি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়লেও জেলা প্রশাসক শামীম আরা রিনি দাবি করেছেন, “ময়লা আগে ছিটানো হয়নি। বরং মাটির নিচে পড়ে থাকা পলিথিন ও বোতল আলাদা করে সংগ্রহ করা হয়েছিল। বিডি ক্লিনের সদস্যদের সহায়তায় সেগুলো অপসারণ করা হয়েছে।”

অন্যদিকে দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় রঙিন শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রা শেষে গোরে শহীদ বড় মাঠে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

অংশগ্রহণকারীরা প্রায় এক ঘণ্টাব্যাপী মাঠে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বস্তায় ভরে পৌরসভার ভ্যানযোগে সরিয়ে নেন। এ সময় ঈদগাহ ময়দানটি নতুন রূপে ঝকঝকে হয়ে ওঠে।

পৌর প্রশাসক বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা দিতে চাই। সম্মিলিত উদ্যোগেই শহরকে দৃষ্টান্তমূলকভাবে পরিচ্ছন্ন রাখা সম্ভব।”

কর্মসূচিতে জেলা প্রশাসনের এনডিসি মো. ফয়েজুর রহমান ফয়েজ, সহকারী কমিশনার মো. সুজন পারভেজ, পর্যটন কর্পোরেশনের ইনচার্জ মোহাম্মদ আলী আজম, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. সাইদুর রহমানসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular