নিউজ ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নতুন নির্দেশনায় জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান যদি তাদের কর্মরত নিবন্ধনধারী শিক্ষকের এনটিআরসিএ (Non-Government Teachers’ Registration and Certification Authority) প্রদত্ত নিবন্ধন-প্রত্যয়নপত্রের সঠিকতা যাচাই করতে চায়, তবে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন গ্রহণ করা হবে বাহক, সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে।
প্রয়োজনীয় নথি যাচাইর জন্য প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট শিক্ষকের এনটিআরসিএ ইস্যুকৃত নিবন্ধন-প্রত্যয়নপত্র এবং নিয়োগপত্র জমা দিতে হবে। উক্ত নথিসমূহ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত থাকতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের ফরোয়ার্ডিং লেটার সংযুক্ত করে আবেদন পেশ করতে হবে। ফরোয়ার্ডিং চিঠিতে উল্লেখিত প্রতিষ্ঠানের ইমেইল ঠিকানায় যাচাইকৃত প্রতিবেদন পাঠানো হবে।
আবেদন জমা দিতে হবে — রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা), ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০। যাচাইকৃত প্রতিবেদনগুলো এনটিআরসিএ ওয়েবসাইটের “প্রত্যয়নপত্র যাচাই সংক্রান্ত” সেবা বক্সে আপলোড ও সংরক্ষণ করা হবে; প্রয়োজনে সেখান থেকে প্রতিবেদন ডাউনলোড করা যাবে।
আরো পড়ুন : নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আইএমএফ ঋণ ছাড় বন্ধ
এনটিআরসিএ জানিয়েছে—প্রত্যয়নপত্র যাচাইয়ের জন্য কোনো ফি প্রযোজ্য নয়। আবেদনপত্রের সঙ্গে যথাযথ পরিচয়পত্র ও প্রতিষ্ঠানভিত্তিক নথিপত্র সম্পূর্ণভাবে যুক্ত করা বাধ্যতামূলক।
প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়েছে যাতে তারা প্রয়োজনীয় কাগজপত্র আগাম প্রস্তুত রাখে এবং আবেদন জমা দেওয়ার আগে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সব নথি সত্যায়িত করানো হয়।
ঢাকানিউজ২৪/মহফ



