নিউজ ডেস্ক : সড়ক পথে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশ থেকে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার একমাত্র গুরুত্বপূর্ণ স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। এ বন্দরটি দিয়ে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকে। গত নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পাথরের পাশাপাশি দুইটি চালানে ১০০ মেট্রিকটন করে ২০০ মেট্রিকটন আতপচাল আমদানির মাঝে এবার ভারত থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ পেঁয়াজ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করেছে মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যালয় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর আগে এ প্রতিষ্ঠানটি ৭ ডিসেম্বর ৩০ মেট্রিকটন, ৩ ডিসেম্বর ৩০ মেট্রিকটন, ২৭ নভেম্বর ৩০ মেট্রিকটন. ২০ নভেম্বর ৩০ মেট্রিকটন ও ১৮ নভেম্বর ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করেছেন।
আবুল কালাম আজাদ বলেন, ‘বন্দরটিতে পাথর আমদানির পাশাপাশি আতপ চাল আমদানি করা হচ্ছে। এর মাঝে প্রয়োজনের ক্ষেত্রে মাঝেমধ্যে পেঁয়াজও আমদানি করা হচ্ছে। এছাড়া প্রয়োজনে বন্দরটি দিয়ে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিকদানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।’
অপরদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল ও ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রফতানি হচ্ছে।
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রফতানিকারক গ্রুপের নেতারা বলছেন, দেশের নিত্য প্রয়োজনীয় সব পণ্য আমদানি করা হলে যেমন বাড়বে আমদানির পরিধি। তেমনি কর্মসংস্থান সৃষ্টিসহ কয়েকগুণ হারে বাড়বে সরকারি রাজস্ব আদায়।
গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিকটন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এরপর ৮ ডিসেম্বর দুপুরে বন্দরটি দিয়ে ২য় দফায় ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়। চালগুলো সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।
কাস্টমস সূত্রে জানা যায়, গেল অর্থবছরে (২০২৩-২৪) বন্দরটি দিয়ে ৭৩ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব আয় হয়। চলতি ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা।



