নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের মাধ্যমে আমাদের আস্থা অর্জন করতে হবে। সেই ভোটে আস্থা অর্জন করতে হলে মুখে বললে তো হবে না। ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন। মানুষ জানতে চায়, আমরা তাদের জন্য কী করব। যখন জানতে পারে, আপনি বিএনপির কর্মী, তখনই আপনাকে জিজ্ঞেস করে, তোমরা এটার কী করবে বা ওটার কী করবে? আমরা আস্থার একটা পর্যায়ে আছি। আমাদের এই আস্থাকে ধরে রাখতে হবে। আগামীর ভোটই শুধু ভোট না। অনেকে বলে, তারেক রহমান শুধু ভোট ভোট করে। আমরা রাজনৈতিক দল, আমরা তো ভোটের কথাই বলব। আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।
বৃহস্পতিবার ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক মুন্সীগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলা বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমরা যতটুকু করব, তা জনগণের কাছে তুলে ধরব। তখন জনগণ এর বিচার করবে। আমাদের বহু সহকর্মী খুন হয়েছেন। জুলাই-আগস্ট আন্দোলনে আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী খুন হয়েছেন। আর কোনো রাজনৈতিক দলের এত মানুষ মারা গেছেন কী-না, জানি না।
তিনি বলেন, গত ১৬ বছরে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাতকড়া পরে মা-বাবার জানাজায় অংশ নিয়েছেন। আবার বহু নেতাকর্মীর বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। তারা অধম বলে আমরা অধম হব নাকি। আমরা এর জবাব ৩১ দফা সফল করার মাধ্যমে দেব। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই তাদের জবাব দেওয়া হবে।
তিন সাংগঠনিক জেলায় পৃথকভাবে কর্মশালা আয়োজন করা হলেও একই সঙ্গে এসব জেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। এর আগে ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।



