প্রফেসর ডঃ মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী, প্রতিবেদক:
গণঅভ্যুত্থান-২০২৪ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে এক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি তাঁর বক্তব্যে দেশের উন্নয়নে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক চেতনা, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ সমাজকে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম, অধ্যাপক ড. আবুল হাসিব চৌধুরী এবং অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে জুলাই-২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
বক্তারা মহান জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, এর তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার মহান জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।




