এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : দেশের তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক কারবারিদের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নেটওয়ার্ক ভেঙে দিতে নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে সরকার।
মাদক কারবারিদের আন্তর্জাতিক ও দেশীয় নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে আইন সংশোধন, দ্রুত বিচার, সশস্ত্র অভিযান, ডোপ টেস্ট বাধ্যতামূলককরণ এবং পুনর্বাসন কার্যক্রম—সব মিলিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে দেশে ৮২ লাখ মাদকাসক্ত, অনলাইন জুয়ার ফাঁদে আরও ৫০ লাখ মানুষ মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর বড় একটি অংশ সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের মরণফাঁদে আটকে রয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কেবল অভিযাননির্ভর পদক্ষেপে সীমাবদ্ধ না থেকে আইনি কাঠামো, বিচার প্রক্রিয়া এবং মাঠপর্যায়ের অভিযানিক সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনছে। এর অংশ হিসেবে প্রথমবারের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।




