ক্রীড়া ডেস্ক: পাঁচ দিনে দুই দল ব্যাট করেছে মোট তিন ইনিংস। এর মধ্যে প্রতিটি ইনিংসেই উঠেছে ৫০০ বা তার বেশি রান। জিম্বাবুয়ে করেছে ৫০৪ ও ৫২৩/৫। আফগানিস্তানের সংগ্রহ ৫১৪। অর্থাৎ, একটি টেস্টে প্রথমবারের মতো দেখা গেল তিনটি ৫০০ রানের দলীয় ইনিংস। শুধু তা-ই নয়, দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করা টেস্ট ইতিহাসের প্রথম দলও এখন জিম্বাবুয়ে।
টেস্ট ক্রিকেটের ২ হাজার ৬৪২তম ম্যাচে এসে এমন বিরল কীর্তি গড়ল দুই দল। এর আগে এক ম্যাচে অন্তত দুটি ৫০০ রানের ইনিংস দেখা গেছে ৪৯ বার।
শুধু রান নয়, ব্যক্তিগত অর্জনেও স্মরণীয় হয়ে থাকবে শারজা টেস্ট। জিম্বাবুয়ের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেগ আরভিন ও ব্রেন্ডন টেলর তুলে নিয়েছেন সেঞ্চুরি।
ম্যাচের শেষ দিনেও থামেনি রান উৎসব। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ের হয়ে সেঞ্চুরি তুলে নেন ওয়েলেসলি মাধেভেরে। টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করার পর দুই দল ড্র মেনে নেয়।
সব মিলিয়ে শারজা টেস্টে এসেছে সাতটি সেঞ্চুরি। তবে এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছোয়া হয়নি। টেস্ট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ আটটি সেঞ্চুরির ঘটনা ঘটেছে দুবার। ২০০৫ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ–দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রথমবার। এরপর ২০১৩ সালে গলে শ্রীলঙ্কা–বাংলাদেশ টেস্টে।



