পিরোজপুর প্রতিবেদক: পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিক পশারীর মৃত্যু, দাফন, মুক্তিযোদ্ধা সনদের সত্যতা ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকাশিত সংবাদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও সংশ্লিষ্ট বিষয় যাচাইয়ে মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে তদন্ত শেষ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায়ও মন্ত্রণালয় সচেষ্ট। কোনো মুক্তিযোদ্ধা অনৈতিক কাজে জড়িত হলে কিংবা কোনো সংগঠন বা গোষ্ঠীর হয়ে ব্যবহৃত হলে তার দায় তাকেই নিতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে রাষ্ট্রকে সংকটে ফেলতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয় সতর্ক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



