গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুছ ছালাম বিপ্লবের সাংগঠনিক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুছ ছালাম বিপ্লবের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এতে ওই নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা রইলনা।চিঠিতে বলা হয়,ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ময়মনসিংহ দক্ষিণ যুবদলের সহ- সভাপতি আব্দুছ সালাম বিপ্লবের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হলো।
প্রসঙ্গত,দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় অভিযোগে ২০২৪ সালের মে মাসে তাকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এক বছরেরও বেশি সময় পর তাকে দলে ফিরিয়ে নেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হলো।
এ বিষয়ে আব্দুছ সালাম বিপ্লব বলেন,স্থানীয় রাজনীতির একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালায়।এছাড়াও ঈর্ষার কারণে আমার রাজনৈতিক সাফল্য ক্ষতিগ্রস্ত করতে প্রতিপক্ষের লোকজন আওয়ামী লীগের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ায়। সকল কিছুর অবসান ঘটিয়ে আমি স্বপদে ফিরে এসেছি।



