নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলের মোড়ল গল্লি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫)নামে এক যুবদলের সদস্যগুলিবিদ্ধ হয়েছে। ৩৬ নম্বর ওয়ার্ডে যুবদলের সদস্য বলে জানা গেছে। আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার পাথচর হুগলা বালি কান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার মুখে ও মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
৩৬ নম্বর ওয়ার্ডের যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান,আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য এবং সে একটি ওয়ার্কশপে কাজ করেন। রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য এবং আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রিপন মিয়া আরও জানান, কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো সঠিকভাবে কিছু জানা যায়নি। আরিফ সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
হাসপাতলে দেখতে আসেন তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাব্বানী হোসেন । তিনি জানান, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।আমরা ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছি।এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।



