মো:তৌফিকুল হক, রায়পুরা, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ২২৪ কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়াহ মাইক্রোবাস, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকার একটি গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মারুফ মিয়া (৩০), মো. ইয়াছিন মিয়া (২৩) ও দীপক সরকার ওরফে মাস্টার মিয়া (৪০)।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টি. এম. ফরিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে রায়পুরা থানা-পুলিশের পাশাপাশি এপিবিএন ও আরআরএফের সদস্যরা অংশ নেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিযানে ২২৪ কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়াহ মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের দাবি, মাদক কারবারের মূলহোতা হিসেবে জামাল মিয়া নামে আরও একজনকে শনাক্ত করা হয়েছে। তবে অভিযান চলাকালে তিনি পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে রায়পুরায় বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




