নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলায় ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ ‘মা ফুডস এজেন্সি’ নামক দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন-মাহবুব আলম, মো. লিটন ও মো. জয়নাল। তারা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র, লক্ষ্মীপুর থেকে গাঁজা নিয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে মাহবুব, লিটন ও জয়নাল নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি টিম অটোরিকশাটি থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু তারা সংকেত অমান্য করে অটোরিকশাটি ঘুরানোর চেষ্টা করে। এসময় তাৎক্ষণিক অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের তল্লাশি করে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছি। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



