নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় দেশকে স্বনির্ভর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মার্চ-এপ্রিল মাসে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়।
দেশকে স্বনির্ভর করা এবং লক্ষ্মীপুরকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, খাল খনন, নদী-নালা সংস্কার, কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
অসমাপ্ত উন্নয়ন কাজ বর্তমান নেতৃত্বের মাধ্যমে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
নদীতে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য বরাদ্দ বৃদ্ধি করাকে সরকারের দায়িত্বশীলতার প্রতিফলন বলে উল্লেখ করেন বক্তারা।




