সাত দিনের মধ্যে স্থাপনা সরানোর নোটিশ দেবে পাউবো, অমান্য করলে আইনি ব্যবস্থা
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। মিয়ার বেড়ি বাজারের দক্ষিণ অংশে পাউবোর খালি জমিতে ঘর নির্মাণের পর সেখানে পাকা স্থাপনা তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বালু ভরাটের কাজও শুরু হয়েছে।
অভিযুক্ত দুই ব্যক্তি হলেন রিয়াজ হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ। রিয়াজ ভবানীগঞ্জ মিয়ার বেড়ি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সোহাগ ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন পাউবোর কর্মকর্তা সাকি হোসেন ও সার্ভেয়ার শাহরিয়ার হোসেন। এ সময় তাঁরা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ার বেড়ি বাজারের দক্ষিণ অংশে পাউবোর জমি লিজ না নিয়েই প্রায় দুই মাস আগে টিনের ঘর নির্মাণ করা হয়। সম্প্রতি সেখানে পাকা স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে ইট ও বালু আনা হয়েছে। পাউবোর জমি দখলে নিতে রিয়াজ ও সোহাগকে তারেক, রুবেল, রাজু, রাজা ও সোহেল নামের কয়েকজন সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরাও মিয়ার বেড়ি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘রাজনৈতিক নেতাকর্মীদের বসার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় জায়গাটিতে বালু ফেলে ঘর নির্মাণ ও মেরামত করে বসার ব্যবস্থা করা হয়েছে। তবে জায়গাটি নিয়ে কিছুটা বিরোধ রয়েছে।’
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাসির হোসাইন বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় অভিযোগ দেওয়া হবে। পাশাপাশি সাত দিনের মধ্যে ঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে। নির্দেশ অমান্য করলে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



