নিজস্ব প্রতিবেদক: একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগমন ঠেকাতে ‘ব্লকেড’ ও ‘কালো পতাকা মিছিল’ করার ঘোষণা দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডটকমকে পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “শেখ হাসিনার দোসর, একাধিক দেশের পাসপোর্টধারী অবৈধ রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না আসার আহ্বান জানিয়েছি।
“তিনি শহীদ মিনারে আসার চেষ্টা করলে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শহীদ মিনারের আশপাশে ব্লকেড দেব; কালো পতাকা মিছিলও করব।”
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিপ্লবী ছাত্র পরিষদ।
সেখানে আজ বিকালেও সংবাদ সম্মেলন করেও সংগঠনটি রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না আসার আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ বলেন, “জুলাই গণহত্যাকারী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে নিয়োগই অবৈধ।
“তিনি ২০২৪ সালের প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন। এ অবস্থায় পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় তার নেই।”
তিনি বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগের আগে বঙ্গভবন থেকে বের হতে পারবেন না। জনপরিসরে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। আজ রাতেও তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবেন না।”
রাষ্ট্রপতি পদ থেকে সাহাবুদ্দিনকে সরিয়ে মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠন করার আহ্বান জানান হাসান মোহাম্মদ আরিফ।
সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ পাঁচ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, “গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র ১৪ দল ও মহাজোট এবং এসব দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।”



