গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচারণা এবং আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নে জনসম্পৃক্ততামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর)দুপুরে টাংগাব ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এ সভায় বিএনপির নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।টাংগাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমান উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও)আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম আনসার উদ্দিন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল গফুর প্রমুখ।মতবিনিময় সভায় জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়িয়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন,জননিরাপত্তা,শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি।তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।




