ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিনবম ওয়েজবোর্ড বাস্তবায়নে জোর দিলেন তথ্যমন্ত্রী

নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে জোর দিলেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এবং এর অভাবে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অপসাংবাদিকতার সুযোগ তৈরি হতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর একটি শীর্ষস্থানীয় মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকৃত ও মেধাবী সাংবাদিকদের পেশায় ধরে রাখতে সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা গেলে তারা স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশে আরও দক্ষতা, সৃজনশীলতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

তিনি আরও বলেন, সংবাদপত্র ও গণমাধ্যম শিল্পের উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে মালিকপক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করতে হবে, যাতে গণমাধ্যম শিল্পে বিনিয়োগ অব্যাহত থাকে এবং এ খাত আরও শক্তিশালী হয়।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমে বিশ্বাসী। সরকারের লক্ষ্য অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি আধুনিক, টেকসই ও জবাবদিহিমূলক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে গণমাধ্যম সংস্কার এবং প্রয়োজনীয় কমিশন গঠনের বিষয়েও সরকার কাজ করছে।

বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রী বলেন, সরকার ও গণমাধ্যমের মধ্যে কোনো দ্বন্দ্ব নয়; বরং ভুয়া, বিভ্রান্তিকর ও অপতথ্যের বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত লড়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের কারণে প্রচলিত গণমাধ্যম নতুন প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে। বিজ্ঞাপনের বড় একটি অংশ এখন ডিজিটাল মাধ্যমে চলে যাচ্ছে। তাই মূলধারার সংবাদমাধ্যমকে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী এবং আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে হবে।

সরকারি বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে দর্শক ও পাঠকসংখ্যাকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের প্রকৃত গ্রহণযোগ্যতা নির্ধারণে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ মূল্যায়ন ব্যবস্থা চালু করা প্রয়োজন।-

মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা প্রধান এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। তারা গণমাধ্যম শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং শিল্পের টেকসই উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

সূত্র : বাসস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular