নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজদের উদ্ধারে বন বিভাগের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাতে সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে মধু সংগ্রহ করছিলেন আটজন মৌয়াল। রাত নয়টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে তাঁদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
ঘটনার পরপরই বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ভাসতে ভাসতে পরদিন সন্ধ্যার দিকে হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছালে চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী।
উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বৃহস্পতিবার রাত আটটার দিকে তাঁদের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে আনা হয়। পরে রাত নয়টার দিকে স্বজনেরা এসে তাঁদের বাড়িতে নিয়ে যান।
অন্যদিকে এখনো নিখোঁজ রয়েছেন শ্যামনগর উপজেলার আকবর মোল্লা, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, গত ১ এপ্রিল বৈধ পাস নিয়ে আটজন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করেছিলেন। নৌকাডুবির পর চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে বন বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট থানা, কোস্টগার্ড ও বিজিবিকে অবহিত করা হয়েছে এবং সমন্বিতভাবে অনুসন্ধান কার্যক্রম চলছে।




