নিউজ ডেস্ক: রোজা ও ঈদের ছুটির কারণে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এক দফা পেছালেও তা আর পেছাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আগামী বছরের ৭ জানুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা বলা হলেও শেষ পর্যন্ত তা মার্চে গড়িয়েছে। রোজা ও ঈদের ছুটির কারণে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পাবলিক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্রমান্বয়ে শৃঙ্খলার মধ্যে আনা হবে জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, প্রথমে এসএসসি; তারপর এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা- এগুলো সমন্বয় করা হবে। এছাড়া বিদেশে যারা পড়তে যায়, তাদের শিক্ষাবর্ষ কখন শুরু হয়, সেসবও একটা জায়গায় নিয়ে আসা হবে।
মন্ত্রী বলেন, সব দিক বিবেচনায় নিলে সবচেয়ে সুবিধাজনক মাস ফেব্রুয়ারি। এ মাসে পরীক্ষা নেওয়া হলে ভালো হয়। কিন্তু রমজানের জন্য এবার সেটা সম্ভব হচ্ছে না।




