মুজাহিদুল ইসলাম সেলিম: ৭২-এর সংবিধান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ ফসল। আর মুক্তিযুদ্ধ ছিল দীর্ঘ দু”যুগের সংগ্রামের ফসল। বাঙালি জাতির দীর্ঘ সংগ্রামের সমগ্র চেতনা ও ধারার নির্যাস হলো “৭২-এর সংবিধান। এ সংবিধান কোনো রাজনৈতিক লেনদেন, গোপন শলাপরামর্শ অথবা সুযোগ-সুবিধার বিবেচনা থেকে প্রণীত হয় নি। এই সংবিধান গণমানুষের সংগ্রামের অমোঘ শক্তি এবং ইতিহাসের গতিপথের মিলিত রূপ।
“৭২-এর সংবিধান বাংলার মানুষের ঐক্যের প্রতীক। বাংলার মানুষের আশা-আকাক্সক্ষার সামগ্রিকতাকে ধারণ করেই এই সংবিধান রচিত হয়েছে। এটার একটি অখন্ড রাজনৈতিক চরিত্র রয়েছে। আর এই সংবিধানের মর্মবাণী নিহিত রয়েছে চার রাষ্ট্রীয় মূলনীতি, তথা- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম-নিরপেক্ষতার মধ্যে।
এই চার নীতিকে কোনোভাবেই খন্ডিত করে আংশিকভাবে গ্রহণ করার সুযোগ নেই।
রাষ্ট্রীয় চার নীতিকে পরিত্যাগ করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনা-ধারা থেকে বিপথে নিয়ে যাওয়া হয়েছিল। সেই চার নীতির ধারায় দেশকে ফিরিয়ে আনাটাই বর্তমানে জাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কর্তব্য। দৃঢ়তা ও নির্ভেজাল প্রত্যয়ের সাথে সেই কর্তব্য পালনের মধ্য দিয়েই সোনার বাংলা গড়ার পথে দেশকে এগিয়ে নেয়া ও মুক্তিযুদ্ধের বিজয়ের ফসল ঘরে ঘরে পৌঁছে দেয়া সম্ভব হতে পারে।



