নিউজ ডেস্ক: ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাতে ইকবাল হাসান মাহমুদ টুকু ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগ থেকে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
বাবার অসুস্থতার বিষয়ে আবেদ হাসান মাহমুদ জানান, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থ হয়ে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি হাসপাতালে যান তিনি। সেখানে মন্ত্রীর শয্যার পাশে কিছু সময় থাকেন। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যের চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও জেনে নেন।
এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক উপস্থিত ছিলেন। সেখানে বিদ্যুৎমন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদের সঙ্গে চিকিৎসার বিষয়ে কথা বলেন রাষ্ট্রপতি।
গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন ইকবাল হাসান মাহমুদ।



