নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বিকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের কমলনগরের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাহিদুল ইসলাম নাহিদ (১৭) ও মো. রাশিদুজ্জামান (৬৫)।
নাহিদ কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে নিশ্চিত করেন কমলনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসাইন।
আখতার হোসাইন বলেন, ছাত্রদল নেতা নাহিদের মৃত্যুর খবর পেয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য এ বিএম আশরাফ উদ্দিন নিজান হাসপাতালে এসেছেন।
জানা যায়, ঘটনার সময় নাহিদ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে মোটর সাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থল এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাশিদুজ্জামান নামে এক পথচারীকে চাপা দেয়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ময়নাতদন্ত ছাড়া পরিবার মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন।



