স্টাফ রিপোর্টার: ঢাকার অদূরে টঙ্গীর একটি ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে মায়ের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কে বা কারা, কী কারণে শিশু দুটিকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত দুই শিশু হল- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ (৩) ও মেয়ে মালিহা (৬)। তারা সপরিবারে পূর্ব আরিচপুর রূপবানের মার টেক এলাকার সানোয়ার মিয়ার ৮তলা ভবনের ৩য় তলায় ভাড়াটিয়া হিসেবে থাকছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, শুক্রবার বিকালে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



