নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি কার্যক্রমের ২০২৩-২০২৪ইং চক্রের উপকারভোগী পরিবারগুলোর মাঝে বিনামূল্যে চাল বিতরণ অব্যাহত রয়েছে। বুধবার (৪ জুন) উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চাল বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর পাঁচটি ইউনিয়নে ভিডব্লিউবি কার্যক্রমের ২০২৩-২০২৪ইং চক্রের উপকারভোগী পরিবারের সংখ্যা দুই হাজার ৬৯৪ টি। ইউনিয়নওয়ারি উপকারভোগীর সংখ্যা হচ্ছে, কামারপুকুর ইউনিয়নে ৫২৫টি, কাশিরামে ৬০৫টি, বাঙ্গালীপুর ইউনিয়নে ৩৯৩ টি, বোতলাগাড়ী ৭১৬টি, খাতামধুপুর ইউনিয়নে ৪৫৫টি রয়েছে। গতকাল উপজেলার কামারপুকুর, খাতামধুপুর, বাঙ্গালীপুর ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লুৎফর রহমান উপস্থিত থেকে এ চাল বিতরণের শুভ উদ্বোধন করেন। এ সময় খাতামধুপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রহিদুল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ফরহাদ হোসেন, অন্যান্যরা ওয়ার্ড মেম্বারসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
খাতামধুপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানান, তাঁর ইউনিয়নে নয়টি ওয়ার্ডে ভিডব্লিউবি উপকারভোগী সংখ্যা হচ্ছে ৪৫৫ জন। তাদের মধ্যে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে গেল মে মাস পর্যন্ত এক সাথে পাঁচ মাসের দুই হাজার ২৭৫ বস্তা চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক উপকারভোগী প্রতি মাসের জন্য ৩০ কেজি ওজনের এক বস্তা করে পাঁচ বস্তা চাল পাচ্ছেন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।



