গফরগাঁও( ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র-অপপ্রচারের প্রতিবাদে
বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার মিনি স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে এসে শেষ হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের
প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই সাথে একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সারাদেশে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুশফিকুর রহমানের দিকনির্দেশনায় আয়োজিত এই বিক্ষোভে গফরগাঁও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে
বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একে.এম আনসার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফজলুল্লাহ আব্বাসী সুজন।
বক্তারা বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে, যা কোনোভাবেই দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের জন্য শুভ লক্ষণ নয়। তারা আরও বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এসব ষড়যন্ত্রের জবাব শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমেই দিবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে তারা রাজপথ থেকে প্রস্তুত রয়েছে।
বিক্ষোভ শেষে নেতারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনগণের কাছে বিএনপির পক্ষ থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



