ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলানিজেদের সিদ্ধান্তে অনড় ভারত-পাকিস্তান, বিড়ম্বনায় বিসিবি

নিজেদের সিদ্ধান্তে অনড় ভারত-পাকিস্তান, বিড়ম্বনায় বিসিবি

ঢাকায় হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে আপত্তি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সভার ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছিল বিসিসিআই। তবে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি ঢাকায় সভা করা নিয়ে এখনও অনড়!

আগামী ২৪-২৫ জুলাই ঢাকায় এসিসির এজিএমের জন্য নির্ধারিত সময়। যার মাত্র দু’দিন বাকি থাকলেও পিসিবি ও বিসিসিআই কেউই তাদের অবস্থান থেকে একচুলও নড়েনি। ফলে বিড়ম্বনায় পড়েছে এজিএমের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এসিসি সভাপতি মহসিন নাকভি সাড়া না দেওয়ায় এজিএম বয়কটের হুমকি দিয়েছে বিসিসিআই। এমনকি ঢাকায় সভা করার বিপক্ষে অবস্থান নিতে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ডকেও নাকি রাজি করিয়েছে ভারত।

তবে এজিএম আয়োজনের জন্য ন্যূনতম তিনটি টেস্ট খেলুড়ে সদস্য দেশের ‍উপস্থিত থাকা প্রয়োজন কোরাম ‍পূর্ণ করতে। এসিসির পাঁচ স্থায়ী সদস্যের (টেস্ট খেলুড়ে) মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এসিসির গঠনতন্ত্র অনুসারে– কমপক্ষে ১০টি পূর্ণ অথবা সহযোগী দেশ সভার কোরাম গঠনের জন্য উপস্থিত থাকতে হবে। তবে আসন্ন এজিএমে সেই শর্ত পূরণ হবে কি না তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

এসিসির পূর্ণ সদস্য (নন-টেস্ট খেলুড়ে) দেশের তালিকায় আছে– নেপাল, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, থাইল্যান্ড, কুয়েত, সৌদি আরব, ওমান ও কাতার। এ ছাড়া সহযোগী সদস্য দেশগুলো হচ্ছে– বাহরাইন, ভুটান, কম্বোডিয়া, তাজিকিস্তান, মালদ্বীপ, জাপান, ইরান, চীন, মিয়ানমার ও ইন্দোনেশিয়া। এর মধ্যে ওমান, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার উপস্থিত থাকার সম্ভাবনা কম।

এসিসির এজিএম ভেন্যু নিয়ে নাটকীয়তার মাঝেই নাকি সভাপতি মহসিন নাকভি গত রোববার সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় অনুপস্থিত ছিলেন। আফগানিস্তান যেন ঢাকায় এজিএমে যোগ দেয় সেজন্য তাদের রাজি করানোর চেষ্টা করছেন এসিসি সভাপতি মহসিন নাকভি। তবে আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ঢাকায় সফর না করা নিয়ে ভারতকে আশ্বস্ত করেছে বলে উল্লেখ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজ বিসিবির অভ্যন্তরীণ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘মনে হচ্ছে ঘটনাটি একটি ভূরাজনৈতিক ইস্যুতে রূপ নিয়েছে। পিসিবি সভাপতির পক্ষ থেকে বৈঠক আয়োজনের প্রস্তাব পাওয়ার পর (বিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান) আমিনুল ইসলাম আরও সতর্কভাবে বিষয়টি সামলাতে পারতেন। আমার মনে হয় তিনি আরও সময় নিতে পারতেন, সম্ভবত অনভিজ্ঞতার কারণে ভূরাজনৈতিক পরিস্থিতি না বুঝেই তিনি এজিএম আয়োজনে সম্মতি দিয়েছেন।’

অন্যদিকে, বিসিবি পরিচালকদের একটি অংশ নাকি সভাপতি বুলবুলকে ঢাকার সভাটি বাতিলের অনুরোধ জানিয়েছেন। বিসিবির আরেকটি সূত্রের বরাতে ক্রিকবাজ লিখেছে, ‘বুলবুলকে বৈঠক বাতিল করতে বলা হয়েছিল। কারণ বোর্ডের কিছু পরিচালক এমন কিছু করতে চাইছিলেন না, যাতে বিসিসিআই অসন্তুষ্ট হয়। কিন্তু সভাপতি (বুলবুল) জোর দিয়ে বলেন যে তিনি আগে থেকেই পিসিবিকে কথা দিয়েছেন, তাই সেই প্রতিশ্রুতি থেকে তিনি সরে আসতে পারবেন না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular