নিউজ ডেস্ক : রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকড় গ্রামে ঋণ ও অভাব-অনটনের জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মিনারুল ইসলাম (৩৫) নিজের স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিন (১৩) ও মেয়ে মিথিলাকে (২) হত্যার পর সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার হয়েছে, যেখানে ঋণ ও খাওয়ার অভাবে মৃত্যুর সিদ্ধান্তের কথা লেখা ছিল। চিরকুটে লেখা, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’ চিরকুটে মিনারুল স্বীকার করেছেন যে, প্রথমে স্ত্রী ও সন্তানদের হত্যা করে পরে তিনি গলায় ফাঁস দেন।
স্থানীয়রা জানান, মিনারুল কৃষিকাজ করতেন এবং সপ্তাহে ২,৭০০ টাকার বেশি কিস্তি দিতে হতো। এর আগে কিছু ঋণ বাবার সহায়তায় পরিশোধ হলেও দুই লাখ টাকা বাকি ছিল। জমি বিক্রি করতে রাজি না হওয়ায় পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এটি হত্যার পর আত্মহত্যা। সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ করছে। এ ঘটনায় মামলা হবে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।



