বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একই মালিকানাধীন চারটি কারখানার শ্রমিকরা। বিক্ষোভকারী ব্যক্তিদের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (১০ নভেম্বর) সকালে এ বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, ডিইপিজেডের অধীনে থাকা চারটি কারখানা—গোল্ডটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড ও এক্টর স্পোর্টিং লিমিটেড—২২ অক্টোবর থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে। একাধিকবার তারিখ পরিবর্তনের পরও কোনো টাকা না পাওয়ায় তারা মহাসড়কে নামেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় জলকামান দিয়ে পানিয়ে ছিটিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করলে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরাতে হয়।
ডিইপিজেড নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, চারটি কারখানার মধ্যে তিনটির আড়াই মাস ও একটির দুই মাসের বেতন বকেয়া রয়েছে। আর্থিক সংকট ও কাস্টমসে কাঁচামাল আটকে থাকার কারণে মালিকপক্ষ সাময়িকভাবে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তবে তারা দ্রুত কারখানা চালুর চেষ্টা করছে। ব্যর্থ হলে সরকারি নিয়মে প্রতিষ্ঠান বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেন তিনি।



