নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মানিকনগরে সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মানিকনগর স্কুল প্রাঙ্গণে ভোটগ্রহণ চলে। মোট ৪৫৭ ভোটারের মধ্যে ৪৩৭ জন এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মোট ৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হলেও দু’টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আবু সালেহ (দপ্তর সম্পাদক) এবং আসমা আক্তার (নারী বিষয়ক সম্পাদক)।
বাকি চারটি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু বক্কর সিদ্দিক (রানা) ও মো. বিল্লাল (জুবায়ের)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সাইদুল ইসলাম (সুমন) এবং মো. দেলোয়ার হোসেন (বাবু)। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মো. ইসমাইল ও মো. জুয়েল রানা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুর মোহাম্মদ রাসেল ও সঞ্জয় দাস।
নির্বাচন চলাকালে প্রার্থীরা জানান, এই স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে থাকলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারা বলেন, “আমাদের লক্ষ্য—পুরনো সব শিক্ষার্থীদের একত্রিত করা এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী করা। আমরা চাই, এই নেতৃত্ব স্কুলের সুনাম দেশজুড়ে ছড়িয়ে দিক।”
প্রধান নির্বাচন কমিশনার এস এম মাইনুল হাসান বলেন, “সকাল থেকেই অত্যন্ত সুন্দর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে। যারা ভোট দিচ্ছেন সবাই একই স্কুলের প্রাক্তন ছাত্র, সবাই পরিবারের মতো। আশা করি শেষ পর্যন্ত এমন পরিবেশই বজায় থাকবে।” তিনি আরও বলেন, “আগামীতে যারা নির্বাচিত হবেন, তারা যেন দলমত নির্বিশেষে অ্যাসোসিয়েশনের উন্নয়ন, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং মানবিক প্রয়োজনে পাশে থাকার মানসিকতা ধরে রাখতে পারেন—এটাই প্রত্যাশা।”



