ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপটিয়ায় আমজু মিয়ার বলীখেলা শনিবার

পটিয়ায় আমজু মিয়ার বলীখেলা শনিবার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষী ঐতিহ্যের আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর।

শনিবার (৯ মে) এ আসর অনুষ্ঠিত হবে।

প্রতিবছর বাংলা ১৪ বৈশাখে আয়োজনটি অনুষ্ঠিত হলেও চলতি বছর বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে ২৬ বৈশাখ নির্ধারণ করা হয়েছে।

বলীখেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতি। পটিয়া পৌরসদরের বৈলতলী রোডস্থ আমজু মিয়া চৌধুরীর বাড়ির মাঠে দিনব্যাপী বলীখেলার পাশাপাশি লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন রাখা হয়েছে।

আয়োজক জানান, এবারের প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বলীদের পাশাপাশি কক্সবাজারের টেকনাফের দিদার বলী, মহেশখালীর কলিম বলীসহ দেশের অর্ধশতাধিক খ্যাতিমান বলী অংশ নেবেন।

স্থানীয়দের মতে, ব্রিটিশ আমল থেকে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পরীর দিঘীপাড় এলাকায় এ বলীখেলার প্রচলন শুরু হয়। সময়ের ব্যবধানে এটি বর্তমানে “আমজু মিয়ার বলীখেলা” নামে পরিচিতি পেয়েছে এবং দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে।

বলীখেলা ও লোকজ মেলা সুষ্ঠুভাবে আয়োজন করতে আনোয়ার আলম চৌধুরীকে চেয়ারম্যান এবং শাহজাহান চৌধুরীকে সদস্য সচিব করে উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। আয়োজকরা অনুষ্ঠান সফল করতে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেছেন।

পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর বলেন, ঐতিহ্যবাহী এ বলীখেলাকে ঘিরে প্রতি বছর হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে হওয়ায় দূর-দূরান্ত থেকে মানুষ সহজেই এখানে আসতে পারেন। এবারও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, বলীখেলার পাশাপাশি আয়োজিত লোকজ মেলায় গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণ এবং প্রদর্শনী স্থান পাবে।

উদযাপন পরিষদের সদস্য সচিব শাহজাহান চৌধুরী বলেন, টানা বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হয়েছে। এ কারণে তারিখ পরিবর্তন করে ৯ মে নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার ও কুমিল্লা থেকেও দেশসেরা বলীরা অংশ নেবেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ১২ পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও পদক প্রদান করা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular