চট্টগ্রাম প্রতিবেদক: ‘নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’ এ প্রতিপাদ্যে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত ১০ মে থেকে শুরু হয় সপ্তাহব্যাপী এই কর্মসূচি।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ।
তিনি বলেন, এই কর্মসূচি বন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্দরের কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আন্তর্জাতিক মানের নিরাপদ বন্দর নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের কয়েকজন বিভাগীয় প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তা নিরাপত্তা সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তারা উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তা কর্মীদের পেশাদারিত্ব প্রমাণ করেছে যে, চট্টগ্রাম বন্দর যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তারা ২৪/৭ দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একসঙ্গে কাজ করতে আহবান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্টেকহোল্ডার এবং শ্রমিক নেতারা । অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রধানদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই সচেতনতা বন্দরের দৈনন্দিন কার্যক্রমে একটি স্থায়ী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলবে বলে আশা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সপ্তাহব্যাপী কর্মসূচির প্রধান কার্যক্রমগুলোর মধ্যে ছিল-
১। নিরাপত্তা সচেতনতামূলক র্যালি ও সেফটি ব্রিফিং।
২। অগ্নি নির্বাপন, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক বাস্তবধর্মী মহড়া।
৩। বন্দরের অভ্যন্তরীণ ট্রাফিক সাইন ও লিফলেট বিতরণের মাধ্যমে নিরাপত্তা প্রচারণা।
৪। বন্দরের স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় সচেতনতা প্ৰদান।




