ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশের অর্থনীতি ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের অর্থনীতি ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল

নিউজ ডেস্ক : বাংলাদেশের অর্থনীতি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরে ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। একই সময়ে টাকার অঙ্কে জিডিপির আকার বেড়ে হয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা।

বিবিএসের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যেখানে আগের অর্থবছরে এ হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। খাতভিত্তিক হিসাবে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ, সেবা খাতে ৪ দশমিক ৫৯ শতাংশ এবং শিল্প খাতে ২ দশমিক ৮৬ শতাংশ।

মাথাপিছু আয়েও এসেছে নতুন মাইলফলক। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা, যা ডলারের হিসাবে ৩ হাজার ২০ ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার। অর্থাৎ এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৪ হাজার ৩৬২ টাকা।

অর্থনীতিবিদদের মতে, এই পরিসংখ্যানগত অগ্রগতি ইতিবাচক হলেও সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর সুফল সাধারণ মানুষের জীবনমান ও ক্রয়ক্ষমতায় কতটা প্রতিফলিত হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের চাপ এবং ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতা দূর না হলে বড় অঙ্কের প্রবৃদ্ধির সুবিধা সবার কাছে পৌঁছাতে সময় লাগবে।-

সব মিলিয়ে ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতি ও ৩ হাজার ডলারের মাথাপিছু আয়ের এই মাইলফলক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। তবে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব স্বস্তি পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular