নিউজ ডেস্ক : আগামী শিক্ষাবর্ষ থেকেই দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। শিক্ষা ব্যবস্থাকে সনদনির্ভরতার বাইরে এনে কর্মমুখী, সৃজনশীল ও জীবনমুখী করতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বিষয় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বিষয় বাধ্যতামূলকভাবে যুক্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্থ শ্রেণিতে নতুন দুটি বিষয় হিসেবে যুক্ত হবে স্পোর্টস এবং কালচার। অন্যদিকে ষষ্ঠ শ্রেণিতে পড়ানো হবে লার্নিং উইথ হ্যাপিনেস এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। শিক্ষা উপদেষ্টা বলেন, লক্ষ্য শুধু পরীক্ষার ফল নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা, সৃজনশীলতা ও কর্মদক্ষতা গড়ে তোলা।
তিনি জানান, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অষ্টম শ্রেণি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় ল্যাব স্থাপন করা হবে। পাশাপাশি ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং হাতে-কলমে শেখার সুযোগ বাড়ানো হবে। বিএনসিসি, গার্লস গাইড, রোভার স্কাউট, বিজ্ঞান মেলা, বিতর্ক, উদ্যোক্তা উন্নয়ন ও ইনোভেশন কার্যক্রমও আরও জোরদার করা হচ্ছে।
উপদেষ্টার মতে, এসব উদ্যোগ শিক্ষার্থীদের দলগত কাজ, নেতৃত্ব, আন্তঃব্যক্তিক যোগাযোগ এবং কর্মজীবনমুখী দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
ঢাকানিউজ২৪/মহফ




