ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাঅবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

নিউজ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় সারির (সেরি সি) ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তি করেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় এক দশক পর আবারও পেশাদার ফুটবল মাঠে দেখা যাবে বিশ্বকাপজয়ী এই তারকাকে।

ইতালিয়ান ক্লাব রাভেন্নার পরিচালনার দায়িত্বে রয়েছেন সিপ্রিয়ানি রেস্তোরাঁ ব্র্যান্ডের ইগনাজিও সিপ্রিয়ানি। মূলত তার উদ্যোগেই ব্রাজিলের এই সাবেক তারকার ফুটবলে ফেরা। বয়স ও দীর্ঘ বিরতি পেরিয়ে রোনালদিনহোর এই প্রত্যাবর্তনের ঘোষণা এরই মধ্যে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নতুন ক্লাবের সঙ্গে চুক্তির পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদিনহো। মাঠে নামার অপেক্ষায় থাকা এই তারকা বলেন, ‘আমি আবার বল নিয়ে নাচার জন্য মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের বিষয় ছিল। সেই আনন্দের চেতনা রাভেন্নায় নিয়ে যেতে পেরে আমি উচ্ছ্বসিত। জাদু শুরু হোক।’

অন্যদিকে রোনালদিনহোকে দলে ভেড়ানোর বিষয়ে ইগনাজিও সিপ্রিয়ানি বলেন, ‘রোনালদিনহো আমার শৈশবের আদর্শ ছিলেন। আমি আশা করি, তার এই সম্পৃক্ততা নতুন প্রজন্মের সমর্থকদের রাভেন্নার প্রেমে পড়তে অনুপ্রাণিত করবে।’

রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলেছিলেন। এরপর আর তাকে প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি। ইতালির ফুটবলে এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ইতালিয়ান পরাশক্তি এসি মিলানের হয়ে খেলেছিলেন।-

ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জেতা এই তারকা ২০০৫ সালে ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জয় করেন। মাঠের খেলায় নান্দনিক ড্রিবলিং, নিখুঁত পাস এবং সৃজনশীলতার জন্য তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে স্বীকৃত। সাফল্যের পাশাপাশি মাঠে তার বিনোদনদায়ী খেলার ধরন তাকে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয় করে তোলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular