নিউজ ডেস্ক : ঢাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
এ তথ্য নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। আজই এ বিষয়ে শুনানি হতে পারে বলে তিনি জানান।
এর আগে ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত।
গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।



